শিগগিরই ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি


প্রকাশিত: ০৮:১১ এএম, ২০ মে ২০১৫

৩৬তম বাংলাদেশে সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসি সূত্র জানায়, আগামী সপ্তাহে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্যপদে লোক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার এ পরীক্ষার মাধ্যমে দুই হাজার ৩৮১টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। এদের মধ্যে সাধারণ ক্যাডারে ৫৪২ জন এবং প্রফেশনাল ক্যাডারে এক হাজার ৮৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। সাধারণ ক্যাডারের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব পদে ২০, সহকারী পুলিশ সুপার ১২০, সহকারী জেলা আনসার অ্যাডজুট্যান্ট ১৯, সহকারী মহাহিসাব নিরীক্ষক ১৫, সহকারী কর কমিশনার ৪৩, সহকারী নিবন্ধক ২২, ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান চার, সহকারী খাদ্য নিয়ন্ত্রক সাত, তথ্য অফিসার ১৭, সহকারী পরিচালক ১৭ এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক তিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এক, সহকারী পোস্টমাস্টার জেনারেল দুই এবং সহকারী নিয়ন্ত্রক পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া প্রফেশনাল ক্যাডারের আওতায় এক হাজার ৮৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এদের মধ্যে সবচেয়ে বেশি কর্মকর্তা নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে। সরকারি সাধারণ কলেজের বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে নিয়োগ করা হবে ৮৭২ জনকে। বিসিএস শিক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে শূন্য পদ ২০০। একই ক্যাডারের শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে ২৩ জনকে। বিসিএস কারিগরি শিক্ষার প্রভাষক বা ইন্সট্রাক্টর পদে নিয়োগ করা হবে পাঁচজনকে। বিসিএস স্বাস্থ্যের সহকারী সার্জন পদ ১৮৭টি।

৩৬তম বিসিএসে সহকারী ডেন্টাল সার্জন পদে কোনো নিয়োগ দেওয়া হবে না। বিসিএস খাদ্য ক্যাডারের সহকারী রক্ষণ প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগ দেওয়া হবে ছয়জনকে। বিসিএস রেলওয়ে প্রকৌশলের সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক দুই এবং সহকারী নির্বাহী প্রকৌশলী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী প্রকৌশলী সিভিল পদে ২৪ এবং ইএম পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী প্রকৌশলী সিভিলের চারটি এবং যান্ত্রিকের দুটি পদ শূন্য রয়েছে। সহকারী বেতার প্রকৌশলী পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

পরিসংখ্যান কর্মকর্তা পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। কৃষি কর্মকর্তা পদে ৩৯৭ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা পদে ৩২ জন, ভেটেরিনারি সার্জন, বৈজ্ঞানিক কর্মকর্তা, থানা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রভাষক পদে ৪৩ জনকে এবং হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তা পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার বা বৃহস্পতিবার পিএসসিতে ৩৬তম বিসিএসের নিয়োগ অনুমোদন-সংক্রান্ত কাগজপত্র পৌঁছে যাবে। আর পিএসসির কর্মকর্তারা জানিয়েছেন, পরের সপ্তাহের যেকোনো দিন পিএসসির ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।