বকশিবাজার এলাকায় নিরাপত্তা জোরদার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত জজ কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে সোমবার সকাল ১০টা ৫০মিনিটে বিশেষ আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়রাপরসনের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আদালত ও এর আশপাশ এলাকায় বিপুল পরিমাণ পুলিশ, র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
ডিএমপি’র এডিসি (মিডিয়া) এসএম জাহাঙ্গির আলম সরকার জানান, আদালত চত্বর ও এর আশপাশ এলাকা, রাস্তাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যের সাথে র্যাব সদস্যরাও নিরাপত্তার কাজে সহযোগীতা করছে।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলার অন্য আসামিরা হলেন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন-মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
এমএম/জেইউ/এআরএস/আরআই