পায়ের পাতায় স্কচটেপ মুড়িয়ে স্বর্ণ পাচার!
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ের পাতা থেকে ৩০৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার সকালে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপী এলাকায় এঘটনা ঘটে।
ইসমাইল হোসেন লিখন (২৬) নামের ওই যাত্রীর পায়ের পাতায় স্বর্ণের দুটি বার স্কচটেপে মুড়ানো অবস্থায় উদ্ধার করে। এসময় ওই যাত্রীকে আটক করা হয়।
এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমান (বিজি ০৮৭) ফ্লাইটে সকাল ৬টা ১০মিনিটে বিমানবন্দরে নামেন লিখন।
সকাল ৭টার দিকে ২নম্বর ক্যানোপী অতিক্রমের সময় খুড়িয়ে চলতে দেখে এপিবিএনের সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার দু’পায়ের পাতার নিচে স্কচটেপ দিয়ে প্যাঁচানো দুটি সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মুল্য ১২ লাখ টাকা। লিখনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এআর/এআরএস/আরআই