খাদ্য অধিকার নিশ্চিতে নীতিমালা গ্রহণ করেছে সরকার
দেশে খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার খাদ্য নীতিমালা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। সোমবার সংসদ ভবনে নিজ দফতরে যুব সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
হাঙ্গার ফ্রি ওয়াল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন অক্সফামের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভাসির্টি, ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীদের যুব সংসদ প্রতিনিধিগণ।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, খাদ্য অধিকার নিশ্চিত করার বিষয়ে ছায়া সংসদ একটি ইতিবাচক উদ্যোগ নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খাদ্য নিরাপত্তার বিষয়ে সচেতন থাকায় খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে উন্নীত হয়েছে। তাই খাদ্য অধিকার আইন প্রণয়নে কোনো বাধা নেই। তবে এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়কে বিল আনতে হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে খাদ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে প্রতিনিধি দলের পক্ষ থেকে ছায়া সংসদের প্রস্তাবিত ‘খাদ্য অধিকার বিল-২০১৪’ শীর্ষক একটি আইনের প্রস্তাবনা সম্বলিত পুস্তিকা ডেপুটি স্পিকারের কাছে হস্তান্তর করা হয়। যা সকল সংসদ সদস্যের কাছে পাঠানো হবে।
প্রস্তাবিত আইনে বলা হয়, খাদ্য মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে খাদ্যের প্রাপ্যতা, অভিগম্যতা ও পর্যাপ্ততা থাকতে হবে। যাতে কেউ বঞ্চিত না হয়। এজন্য একটি আইন প্রণয়ন করতে হবে যাতে রাষ্ট্র খাদ্য নিরাপত্তার বিষয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকে।
এসকেডি/বিএ/আরআইপি