উপজেলা নির্বাচনে সংরক্ষিত নারী পদের প্রতীক চূড়ান্ত


প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৫ মে ২০১৫

সারা দেশের ৪৭৮টি উপজেলা পরিষদের সংরক্ষিত নারী পদে নির্বাচনের জন্য ১০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশন নির্ধারিত দশটি প্রতীকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রতীক দশটি হচ্ছে টেবিল, মোরগ, পেঁপে, বালতি, হরিণ, চাঁদ, ঢেঁকি, খরগোশ, বক এবং গিটার।

এর আগে তিন সিটি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে গৃহস্থলীতে ব্যবহৃত হয় এমন কিছু প্রতীক সংযোজন করলে  নারী সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ইসির সমালোচনা করে নারী সদস্যরা বলেন, নারী ঘর থেকে বের হয়ে সামাজিক উন্নয়নে এগিয়ে আসতে চাইলেও কমিশন তাদের গৃহস্থলীতে ব্যবহৃত হয় এমন প্রতীক দিয়ে আবার ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন।

সিটি নির্বাচনের উল্লেখ্যযোগ্য প্রতীকের মধ্যে ছিল, শিলপাটা, গ্লাস এবং মুলা। এসব বিবেচনা করে প্রতীকে কিছুটা পরিবর্তন এনেছে ইসি।

গত ১৩ এপ্রিল ৪৭৮টি উপজেলার সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। আগামী ৩০ এপ্রিলের পর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

উপজেলা পরিষদে নারী সদস্য পদের নির্বাচনে ভোটার হবেন সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরা। সদস্যপদে প্রার্থীও হবেন ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরা। আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। কোনো উপজেলায় ১৫টি ইউনিযয়ন থাকলে পরিষদে নারীদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা হবে পাঁচটি।

এইচএস/এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।