বাংলা একাডেমির সঙ্গে চীনা বিশ্ববিদ্যালয়ের স্মারক স্বাক্ষরিত
বাংলা একাডেমি এবং বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও গবেষক, প্রশাসনিক, সংশ্লিষ্ট কর্মকর্তা বিনিময়, গবেষণা এবং প্রকাশনা সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছর মেয়াদি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির সভাপতি পেং লং এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমরা খুবই গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি। বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি বাংলা শিক্ষার ব্যবস্থা করে দু’দেশের বন্ধুত্বের মধ্যে নতুন সেতুবন্ধন সৃষ্টি করেছে। বাংলা একাডেমির সঙ্গে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক ভাষা-সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক বিনিময়ের সুযোগ প্রসারিত করবে।
পরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন বাংলা একাডেমির সভাপতি এবং বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির সভাপতি। চীনা অতিথিবৃন্দ এরপর একাডেমির পুস্তক বিক্রয়কেন্দ্র এবং ঐতিহাসিক বর্ধমান হাউসে অবস্থিত জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর এবং ভাষা আন্দোলন মিউজিয়াম পরিদর্শন করেন।
এসকেডি/বিএ/পিআর