পর্যায়ক্রমে বিভাগীয় শহরের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হবে : মায়া


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৫ মে ২০১৫

পর্যায়ক্রমে সকল বিভাগীয় শহরের ঝুঁকিপূর্ণ ভবন লাল রং দিয়ে চিহ্নিত করা হবে এবং এগুলো ভেঙ্গে ফেলা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে তিন দিনব্যাপী ‘দুর্যোগ পুনরুদ্ধার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।

তিনি বলেন, ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে লাল রং দিয়ে ‘ঝুঁকিপূর্ণ ভবন, নিজ দায়িত্বে বসবাস করুন’ সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল বিভাগীয় শহরের ঝুঁকিপূর্ণ ভবন লাল রং দিয়ে চিহ্নিত করা হবে এবং এগুলো ভেঙ্গে ফেলা হবে। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে রাজউক ও সিটি কর্পোরেশনকে পাঠানো হয়েছে।’

মন্ত্রী বলেন, ভূমিকম্পের ব্যাপারে জনগণকে সচেতন করতে প্রাথমিক স্তর থেকে সকল স্তরের পাঠ্যবইয়ে ভূমিকম্পে করণীয় বিষয়ে একটি চ্যাপ্টার থাকবে। যাতে শিক্ষার্থীরা পড়ে নিজেরাই সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে।

তিনি আরো বলেন, বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া এবং শারীরিক কসরতের পাশাপাশি পাঁচ মিনিট ভূমিকম্পে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তৃতা দেয়ার ব্যবস্থা করা হবে। এজন্য একজন শিক্ষককে এ ব্যাপারে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ ভূমিকম্পের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তাই সর্বাত্মক প্রস্তুতি থাকাই আমাদের প্রধান কাজ। এজন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, উদ্ধার তৎপরতার জন্য ১৫৯ কোটি টাকার ভারী যন্ত্রপাতি কেনা হচ্ছে।

তিনি বলেন, সরকার ‘ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার’ গঠনের উদ্যোগ নিয়েছে যা হবে সর্বোচ্চ পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমান্ড সেন্টার। যেকোনো ধরনের এবং মাত্রার দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনায় এ সেন্টার থেকে নির্দেশনা প্রেরণ করা হবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্য ব্রত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস, জাপানের ইন্টারন্যাশনাল রিকোভারি প্লাটফর্মের (আইআরপি) চেয়ারম্যান স্টিফেন কোহলার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাকিব আহসান বক্তৃতা করেন।

এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।