আর্কাইভসকে জীবন্ত প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
জাতীয় আর্কাইভসকে একটি জীবন্ত প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি জাতীয় আর্কাইভসের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এর সঙ্গে জনগণের সংযোগ স্থাপন করতে হবে।
মঙ্গলবার শেরেবাংলানগর আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর মিলনায়তনে ‘আন্তর্জাতিক আর্কাইভ দিবস-২০১৫’ উদযাপন উপলক্ষে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এমন উদ্যোগ নিতে হবে যাতে জনগণ এখানে আসে, তথ্য-উপাত্ত নেয় এবং সঠিক তথ্যাবলী পাওয়ার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, একটি দেশের আর্কাইভ সে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ সামগ্রিক বিষয়কে ধারণ করে। আমাদের জাতীয় আর্কাইভে অনেক গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ ও তথ্য-উপাত্ত রয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও সংস্থা থেকে আরও সহযোগিতা প্রয়োজন।
আসাদুজ্জামান নূর বলেন, আমাদের বাজেট ও লোকবল পর্যাপ্ত নয়। এ রকম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নথিপত্র ও দলিল-দস্তাবেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হলে কারিগরি জ্ঞানসম্পন্ন, প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মীবাহিনীর পাশাপাশি পর্যাপ্ত অর্থের প্রয়োজন। এক্ষেত্রে সরকার সচেষ্ট রয়েছে।
আর্কাইভস শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, এটি সবার প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করে মন্ত্রী দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্বার্থে এটিকে সমৃদ্ধ এবং যুগোপযোগী করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ওয়াদুদুল বারী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ।
অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন- অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, আর্কাইভস অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটি’র সভাপতি অধ্যাপক ড. শরিফ উদ্দিন আহমেদ, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাব উদ্দিন খান প্রমুখ।
এসএইচএস/আরআই