তেজগাঁও শিল্পাঞ্চলে মাদকসহ আটক ৪


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৯ জুন ২০১৫

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পুরাতন এফডিসি গেট ও কাওরান বাজার থেতে ৯৯৭ পিস ইয়াবা ও ১৫০ লিটার চোলাই মদসহ চার নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে র‍্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন মিনা বেগম (৪০), মুন্নি বেগম ওরফে মনি (৩৫), ফাতেমা বেগম (৩০) ও নুর জাহান (৬০)। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মারুফ আহমেদ।

তিনি জানান, তেজগাঁও থানাধীন পুরাতন এফডিসি গেটের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালায়। এ সময় জনৈক আওয়ালের ঘরের পেছনে থেকে ৯৯৭ পিস ইয়াবাসহ মিনা বেগম, মনি ও ফাতেমাকে আটক করা হয়।

র‍্যাব-২ এর অপর একটি দল বেলা ১১টা ৫ মিনিটের দিকে কাওরান বাজার হতে ১৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী নুর জাহানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।