বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে : সুইস রাষ্ট্রদূত
বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশের উন্নয়ন নিজেদেরই করতে হবে। প্রয়োজনে বাইরে থেকে সহযোগিতাও দেওয়া হবে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচই কিস্টিয়ান মার্টিন ফোস।
শনিবার দুপুরে রাজশাহীর তাহেরপুর পৌরসভা মিলনায়তনে জনপ্রতিনিধি ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পৌরসভার একটি কক্ষ থেকেই নাগরিক সুবিধা গ্রহণের (ওয়ান স্টপ সার্ভিস সেন্টার) কার্যক্রম বড় আকারে করা সম্ভব। সেদিকে আরো নজর দিতে মেয়রের প্রতি আহ্বান জানিয়ে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। এ সময় তিনি আগামীতে সার্বিকভাবে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, জার্মানির জিআইজেড-এর কান্ট্রি ডিরেক্টর টোবিওস বেকার, সুইজারল্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমীন ও জিআইজেড-এর টিম লিডার হামিদুল ইসলাম চৌধুরী, পৌরসভার সচিব সিরাজুম মুনীর, প্রধান প্রকৌশলী আশরাফ উদ্দীন, সহকারী প্রকৌশলী জাহেদুল হক জাহিদ প্রমুখ।
আর আগে রাষ্ট্রদূত জার্মান সহযোগী সংস্থার (জিআইজেড) সহযোগিতায় ইইউজি প্রকল্পের আওতায় পৌরসভার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (ওএসএসসি), স্কিল ডেভেলপমেন্ট একটি ই-লার্নিং সেন্টার, গরীব ও দুঃস্থ মহিলাদের বিনামূল্যে বিভিন্ন আয় বর্ধনমূলক কাজের প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশ ও বেতের সামগ্রীর স্টল পরিদর্শন করেন। এছাড়াও ইইউজি প্রকল্পের সহযোগিতায় স্থানীয় জনসাধারণের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও এ প্রকল্পের সার্বিক বিষয়গুলোর অগ্রগতি ও অর্জনসমূহ পরিদর্শন করেন সুইস রাষ্ট্রদূত।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআই/এসআরজে