মুজাহিদের আপিলের রায় মঙ্গলবার


প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৩ জুন ২০১৫

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার আপিল শুনানি শেষে আগামী মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে মুজাহিদের আপিল মামলার শুনানি গত ২৭ মে শেষ হয়।  শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করে দেন আদালত। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ২০১৩ সালের ১১ আগস্ট সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন মুজাহিদ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘মুজাহিদের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। আপিলে আসামিপক্ষের শুনানির বিপরীতে রায় বহাল রাখার পক্ষে যুক্তি পেশ করে মৃত্যুদণ্ড বহাল রাখার আর্জি পেশ করা হয়েছে।’ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে আরো ৩টি মামলা সুপ্রিমকোর্টে আপিলের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। আপিলের প্রথম রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তির পর ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আপিল বিভাগ। এ রায় রিভিউ’র আবেদনও খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর ওই বছর ১২ ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

গত বছর ১৭ সেপ্টেম্বর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ট্রাইব্যুনালে দেয়া সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ।

আপিলের তৃতীয় রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালে দেয়া ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখা হয়। ফাঁসির দণ্ড বহাল রাখার রায়ের বিরুদ্ধে কামারুজ্জামানের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনও খারিজ করে রায় দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গত ১১ এপ্রিল, শনিবার, রাতে এ ফাঁসি কার্যকর করা হয়।

ট্রাইব্যুনালে দণ্ডিতদের মধ্যে কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি যার ফাঁসির রায় কার্যকর করা হয়। মুজাহিদ চতুর্থ ব্যক্তি যার মামলার আপিল রায়ের অপেক্ষায় রয়েছে।

এসএইচএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।