দক্ষিণখানে ৭২টি পাসপোর্টসহ মানবপাচারকারী আটক


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৩ জুন ২০১৫

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৭২টি পাসপোর্টসহ ওয়াদুদ ওরফে এসবি ওয়াদুদ (৩৩) নামে এক মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব)। শুক্রবার দুপুরে দক্ষিণখানের পূর্বপাড়া আশকোনার ৪৩৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, র‌্যাব-১ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মানবপাচারের সঙ্গে জড়িত কতিপয় ব্যক্তি আশকোনায় অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১, এর একটি দল ওই মানবপাচারকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭২টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি টাঙ্গাইল জেলার সখিপুর থানার দাড়িয়াপুর এলাকার মৃত আবু সাইদের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মাকসুদুল আলম।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।