সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অন্যান্য বিরূপ পরিস্থিতিতে বিধি-বিধান মেনে সর্বোচ্চ সতর্কতার সাথে নৌযান পরিচালনার করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৫ উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ১৪ জুন থেকে সপ্তাহব্যাপী নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৫ উদ্যাপন করার উদ্যোগ গ্রহণ করায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে নৌ পরিবহনের গুরুত্ব অপরিসীম। বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য নৌ পরিবহনকে অধিকতর আকর্ষণীয় করার জন্য সুস্থ পরিবেশ, নৌ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা একান্ত আবশ্যক।
রাষ্ট্রপতি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ায় মার্চ থেকে অক্টোবর পর্যন্ত কালবৈশাখী ঝড়ের তান্ডব বেশি থাকে। ফলে এই সময়ে নৌ দুর্ঘটনার আশঙ্কাও বেশি দেখা যায়। এ রকম একটি সময়ে নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্যাপনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ।
তিনি বলেন, ‘এবারের নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য ‘সচেতন হই এবং নৌ দুর্ঘটনা পরিহার করি’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।’
এসএইচএস