রাজধানীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকায় রাবেয়া বেগম লাকী (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. শহীদের বিরুদ্ধে। শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে মুগদা থানার এসআই মো. ফরহাদ আলী মুগদা জেনারেল হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, নিহত লাকীর হাত ও মাথায় ফোলা জখমসহ গলায় লালচে কালো দাগ রয়েছে। নিহতের মা মাসুমা বেগম ও বাবা জয়নাল আবেদীন জামাই শহীদের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ করেছেন।
তারা জানান, শহীদ গত এক সপ্তাহ লাকীকে নানাভাবে শারিরীক নির্যাতন করতো। শেষে শনিবার তাকে হত্যা করে লাশ মুগদা জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।
নিহত লাকীর গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে বলে জানা গেছে।
এসএইচএস