কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন আজ
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন আজ রোববার। ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে। বাবার নাম এ কে মোশাররফ হোসেন এবং মায়ের নাম মরিয়মন্নেসা বকুল। সাত ভাইবোনের মধ্যে সেলিনা হোসেন হচ্ছেন চতুর্থ।
সেলিনা হোসেন বাংলা একাডেমির পরিচালক হিসেবে ২০০৪ সালে চাকরি জীবন থেকে অবসর নেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান। তিনি একাধারে উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধ রচনা করছেন। শিশু সাহিত্য এবং গবেষণায়ও রেখেছেন অনন্য স্বাক্ষর।
উপন্যাস, ছোট গল্পের সংকলন, শিশুতোষ গ্রন্থ, প্রবন্ধ ও সম্পাদনা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। তার অনবদ্য সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে, ভূমি ও কুসুম, পূর্ণ ছবির মগ্নতা, নিরন্তর ঘণ্টাধ্বনি, হাঙ্গর নদী গ্রেনেড, পোকা মাকড়ের ঘরবসতি, যাপিত জীবন, নীল ময়ূরের যৌবন, কাঁটাতারে প্রজাপতি, কাঠ কয়লার ছবি, নুন পান্তার গড়াগড়ি ও অন্যান্য। তার উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’ এ নামেই চলচ্চিত্র নির্মিত হয়েছে।
সেলিনা হোসেনের উপন্যাস ও গল্পে সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণি যেমন উঠে এসেছে, তেমনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখের উপাখ্যান হয়ে উঠেছে তার লেখনিতে।
তার রচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ গণমানুষের সংগ্রাম হিসেবে চিত্রায়িত হয়েছে। যা মুক্তিযুদ্ধের সামগ্রিক ধারণা দেয়। তিনি বাঙালি জীবনের সমাজ-সংকট ও সম্ভাবনার চিত্র , ছিটমহলের মানুষের জীবন, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে উপন্যাসে রূপ দিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়েও তিনি তৈরি করেছেন অনবদ্য উপন্যাস।
কথা সাহিত্যিক সেলিনা হোসেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ড. মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, রবীন্দ্রস্মৃতি পুরস্কার, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ২০১৪ এবং শিশু সাহিত্যে অবদানের জন্য এ বছর আনন সাহিত্য পুরস্কার ২০১৫ লাভ করেন। ২০১০ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি-লিট উপাধিতে ভূষিত করে। তিনি ফারিয়া লারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
সেলিনা হোসেন ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জননী। বড় মেয়ে লাজিনা মুনা বর্তমানে ইউএসএতে কর্মরত। ছেলে সাকিব আনোয়ার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে কর্মরত। ছোট মেয়ে ফারিয়া লারা বাংলাদেশের প্রথম নারী প্রশিক্ষক বৈমানিক, যিনি ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর প্রশিক্ষণ বিমানে উড্ডয়নকালে নিহত হন। সেলিনা হোসেনের স্বামী মো. আনোয়ার হোসেন একজন বৈমানিক কর্মকর্তা।
আরএস