বার্সেলোনায় ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:১৪ এএম, ১৪ জুন ২০১৫

স্পেনের বার্সেলোনায় হয়ে গেল হাজার বছরের বাঙালি ঐতিহ্য বৈশাখী মেলা। শনিবার বাংলাদেশ সমিতির তত্ত্বাবধানে ও বার্সেলোনার স্থানীয় সংগঠনগুলোর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। দিনব্যাপি বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির আবহে সাজানো অনুষ্ঠানে স্থানীয় প্লাজা মাকবা যেন এক টুকরো বাংলাদেশ হয়ে ওঠে।

চিরায়ত বাংলার ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দিনভর অনুষ্ঠানে ছিল নাচ, গান, ছোট ফ্যাশন শো, খণ্ড নাটক। প্লাজার দু’পাশে সাজানো ছিল বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ খাবার ও অন্যান্য সামগ্রীতে সাজানো স্টল। দুপুর ২টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মূল পর্বের অনুষ্ঠান শুরু হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাখাওয়াত হোসাইন। আর সাংস্কৃতিক পর্বের মূল আকর্ষণ ছিলেন শিল্পী ফাহমিদা নবী। এছাড়া সাংস্কৃতিক পর্বে গানে গানে মাতিয়ে রাখেন ক্লোজআপ ওয়ানের পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী লুইপা।

এছাড়া লন্ডন থেকে আগত ও স্থানীয় শিল্পীদের মধ্যে মঞ্চে গান ও নাচ পরিবেশন করেন ইমরান, মঞ্জু, তিথি, জিনাত, মৌসুমী, অপু, বিধান, রাজু, জিনিয়া, দিবা, বাবু প্রমুখ। লটারি পর্বে ২২ জন ভাগ্যবানকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার ছিল কাতার এয়ারলাইনসে বার্সেলোনা টু বাংলাদেশ যাওয়া-আসার জন্য বিমানের টিকেট।



মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, ফকরুল আকম সেলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করে বাংলাদেশ সমিতির সভাপতি মাহারুল ইসলাম মিন্টু।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।