রমজানে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘোষণা আসছে বিকেলে
আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা বলয় তৈরি করবে পুলিশ। এসময় চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে প্রতিবারের মতো এবারো নিরাপত্তা বলয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ।
এবিষয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। দেশবাসীকে নিরাপত্তা দেয়ার রূপরেখা উপস্থাপন করা হবে এই সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে থেকে রমজান মাসের সার্বিক আইন-শৃঙ্খলা, ট্রেন, বাস ও লঞ্চের নিরাপদ চলাচল ও যাত্রীদের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, ঈদ জামাতের নিরাপত্তা এবং জাল টাকার অপব্যবহার রোধে পুলিশের নেয়া পদক্ষেপসমূহ বিস্তারিত জানানো হবে।
এছাড়াও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত রাখার ঘোষণাটি আসতে পারে সংবাদ সম্মেলনে।
নিরাপত্তা পরিকল্পনায় ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় শহরে বিপণিবিতান ও শপিংমল যথাসম্ভব সিসিটিভির আওতায় এবং তারাবির নামাজের সময় অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে গভীর রাত পর্যন্ত পর্যাপ্ত নৈশ টহলের ব্যবস্থা করবে পুলিশ। পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে কমিউনিটি পুলিশ মোতায়েনের বিষয়টিও জানাবেন পুলিশের আইজি।
এআর/এআরএস/এমএস