বিএমএ-তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৭২তম দীর্ঘমেয়াদি কোর্স ও ৪৩তম স্পেশাল কোর্সের জেন্টেলম্যান ও জেন্টেল উইম্যান ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ’তে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ কুচকাওয়াজের মাধ্যমে ১৩৪ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৭২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ১১৪ জন পুরুষ, ১৩ জন মহিলা এবং ৪৩তম বিএমএ স্পেশাল কোর্সে ৭ জন পুরুষ ক্যাডেট রয়েছেন।
এতে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দলবির সিং সুহাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আসিফ আহমেদ ৭২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকষ ক্যাডেট বিবেচিত হয়েছে। চৌকষ ক্যাডেট বিবেচিত হওয়ায় তাকে ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে অনন্য কৃতিত্বের জন্য ‘সেনা প্রধানের স্বর্ণপদক’ প্রদান করেন জেনারেল দলবির সিং।
এছাড়াও বিভিন্ন আন্তঃকোম্পানি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় জন্য জাহাঙ্গীর কোম্পানিকে গ্রীষ্মমকালীন টার্মের ‘বিএমএ পতাকা’ প্রদান করা হয়েছে।
এর আগে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ এবং বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার তাকে অভ্যর্থনা জানান।
এ সময় অন্যদের মধ্যে, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বৈদেশিক মিশনের কূটনীতিক ও সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকরাও ছিলেন।
এআর/এসএইচএস/আরআই