ভূমিকম্পে রাজধানীর ১২ ভবন ক্ষতিগ্রস্ত : সংসদে গণপূর্তমন্ত্রী


প্রকাশিত: ০২:২২ পিএম, ১৬ জুন ২০১৫
ফাইল ছবি

ভূমিকম্পে রাজধানীতে ১২টি ভবন প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রাথমিক তদন্তের পর এসব ভবন অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়া রাজধানীতে ছয় হাজার ৪৬৮টি বাড়ি পরিত্যক্ত বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত মনোয়ার বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী ক্ষতিগ্রস্ত এসব ভবন অপসারণে প্রাথমিক সহায়তার জন্য বুয়েটের পরামর্শ চাওয়া হয়েছে। পরামর্শ মোতাবেক ভবন মালিকদের সম্পূর্ণ ভবন বা ভবনের অংশ বিশেষ অপসারণের নির্দেশনা দেয়া হবে।

মন্ত্রী আরো জানান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ ভবন আছে, সেগুলো চিহ্নিত করে ভবন মালিকদের জানানো হয়েছে। তবে ঝঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও সেই সব ভবন বসবাসের অনুপোযোগী ঘোষণা করার দায়িত্ব মূলত স্থানীয় সরকার কর্তৃপক্ষের।

একই সঙ্গে চট্টগ্রাম মহানগরী এলাকায় অবস্থিত ঝঁকিপূর্ণ ইমারত চিহ্নিত করার দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এ জন্য চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর ইতিমধ্যে একটি তালিকা পাঠানো হয়েছে। উচ্চ ভূমিকম্পে ঝুঁকির বিষয়ে বিবেচনা করে ঝঁকিপূর্ণ ভবন চিহ্নত করার কার্যক্রম অব্যাহত আছে।

ঢাকায় পরিত্যক্ত বাড়ি ৬৪৬৮টি :

সেলিনা বেগমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৮৬ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী ঢাকা শহরে ছয় হাজার ৪৬৮টি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণিভুক্ত পাঁচ হাজার ২৫টি। এগুলোর আবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য সংরক্ষিত ২৪৩টি। এসব বাড়ির মধ্যে দুই হাজার ৬৯৭টি বিক্রি করা হয়েছে। এছাড়া আদালতের নির্দেশে এক হাজার ১৫টি বাড়ি অবমুক্ত করা হয়েছে।

মো. আয়েন উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আধুনিক নগরায়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা আছে। ইতোমধ্যে মিরপুরের কালশিতে ‘মিরপুর ইন্টিগ্রেটেড টাউনশিপ ডেভলপমেন্ট’ শীর্ষক পাইলট প্রকল্পটি পিপিপির মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

প্রকল্পটির জন্য ইনভেস্টর (বিনিয়োগকারী) নির্বাচনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। চলতি বছর অর্থাৎ ২০১৫ সালের ডিসেম্বর নাগাদ নির্বাচিত বিনিয়োগকারীদের কার্যাদেশ প্রদান এবং তাদের সঙ্গে চুক্তি সম্পাদন করা হবে বলে জানান মন্ত্রী।

এইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।