দুই সিটির অনিয়ম তদন্তে কমিটি গঠনের সুপারিশ


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৬ জুন ২০১৫

ঢাকার বিভক্ত দুই সিটি কর্পোরেশনের (ডিসিসি উত্তর ও ডিসিসি দক্ষিণ) অনিয়ম তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠনে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী, রাজি উদ্দিন আহমেদ, সাবের হোসেন চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং ফজলে হোসেন বাদশা অংশ নেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এমএ কাদের সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় ঢাকা সিটি কর্পোরেশনে বিভিন্ন খাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থ আদায় না হওয়ায় কমিটি অসন্তোষ প্রকাশ করে। অতিদ্রুত একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করার তাগিদ দেয়া হয়।

পাশাপাশি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের পর থেকে তাদের কার্যক্রম সম্পর্কে তদন্ত করার জন্য একটি কমিটি এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কর্মকালীন বিভিন্ন কার্যক্রমের ওপর আরো একটি কমিটি মন্ত্রণালয় থেকে গঠন করার পর আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন কমিটিতে উপস্থাপন করার সুপারিশ করা হয়।

বৈঠকে রাজশাহী ওয়াসা সম্পর্কে আলোচনা হয় এবং স্থায়ী কমিটির সিদ্ধান্ত কার্যকর না করার অভিযোগে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৮ অনুযায়ী মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের শূন্য পদসমূহ দ্রুত পূরণ করারও তাগিদ দেয়া হয় কমিটির পক্ষ থেকে।

এছাড়া বৈঠকে নতুন সড়ক নির্মাণের চেয়ে পুরাতন সড়কগুলোর রক্ষণাবেক্ষণের ওপর অগ্রাধিকার প্রদানের সুপারিশ করা হয়।

এইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।