মোদি-খালেদার বৈঠক হবেনা বলিনি : সংসদে পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৬ জুন ২০১৫

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক হবে না এমন কথা আমি বলিনি। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঙ্গলবার ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমার বক্তব্য ‘বিকৃত‘ করে এবং ‘আমার উদ্ধৃতি‘ দিয়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল খালেদা মোদির বৈঠক হচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রীর এ সংক্রান্ত বক্তব্য নিয়ে দেশে-বিদেশে সৃষ্ট বিতর্কের জবাবে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি দাবি করেন, এ বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি জবাব দিয়েছিলেন, ‘এ প্রশ্ন নিয়ে এখানে আলোচনার কোন সুযোগ নেই। তবে একটি জাতীয় দৈনিক  (দৈনিক ইত্তেফাক) পরের দিন আমাকে কোট করে মোদি খালেদা বৈঠক হচ্ছে না শিরোনামে খবর ছাপায়।’

তিনি বলেন, এর আগে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক নিয়ে সরকার ষড়যন্ত্র করছে। সংসদে তিনি এ অপপ্রচারের বিরুদ্ধে খালেদাকেই দায়ী করেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘আমি বেগম জিয়ার কাছে প্রশ্ন রাখতে চাই ‘এই আধিপত্যবাদী’ শক্তির নাম কি? আর আপনার কথিত এ দেশের চিহ্নিত মহলেরই বা পরিচয় কি?। হায় বেগম জিয়া, হায় বিএনপি! আর কত মিথ্যাচার করবেন। ছি : ছি :।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসার আগে পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে তার সফরের বিস্তারিত জানাচ্ছিলেন। এ সময় সাংবাদিকরা তার কাছে খালেদার সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চান। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, খালেদার সঙ্গে মোদির বৈঠকের কোন কর্মসূচি নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৫ জুন তারিখে আমার সংবাদ ব্রিফিং-এ বিএনপিপন্থী একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, শ্রী মোদির সঙ্গে বেগম জিয়ার সাক্ষাৎ হবে কিনা। উত্তরে আমি বলেছিলাম, ‘এই প্রশ্নের আলোচনার এখানে কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না। আমার বক্তব্যকে সম্পূর্ণ বিকৃত করে পরদিন দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৬ জুন একটি অনুষ্ঠানের ফাঁকে ইত্তেফাকের কূটনৈতিক সংবাদদাতাকে এটা সম্বন্ধে বলি। তিনি বলেন যে, তিনি এটা করেননি। তার একজন সহকর্মী যিনি বিএনপি’র রিপোর্ট করেন, তিনি করেছেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, গত ১৩ জুন ২০১৫ তারিখে ভারতের নয়াদিল্লি সানডে গার্ডিয়ান পত্রিকায় বিএনপি-জামায়াত জোট নেত্রী বেগম খালেদা জিয়ার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারে তিনি আমার নামে অভিযোগ করেছেন যে, আমি নাকি ভারতের মান্যবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় তার সঙ্গে বেগম জিয়ার সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলাম। আমি বেগম জিয়ার এই দায়িত্বজ্ঞানহীন অভিযোগের নিন্দা জানাই। তিনি সবসময়ই নাৎসী প্রচার প্রধান গোয়েবলস-এর মিথ্যাচার কৌশলের একনিষ্ঠ অনুসারী। তিনি মনে করেন যে, মিথ্যাকে বারবার বললেই সত্যি হয়ে যায়। কিন্তু প্রতিবারই তিনি ও তার দল ধরা খেয়ে যান।

এইচএস/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।