নব্বইয়ের পর ১৫৯ জন মন্ত্রী হয়েছেন : মতিয়া
হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর এ পর্যন্ত ছয়জন প্রধানমন্ত্রী হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনবার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময়ে মন্ত্রী হয়েছেন ১৫৯ জন, প্রতিমন্ত্রী ১২৭ জন এবং উপমন্ত্রী ১২ জন।
মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী এসব তথ্য জানান।
সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী ১৯৯১ সালে সামরিক শাসক এরশাদের পতনের পর খালেদা জিয়ার নেতৃত্বে পঞ্চম সংসদ গঠিত হয়। এ সংসদে মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৫ জন, প্রতিমন্ত্রী ২২ জন এবং উপমন্ত্রী তিনজন। এরপর ৬ষ্ঠ সংসদেও খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। ৬ষ্ঠ সংসদে মন্ত্রী ছিলেন ১৪ জন, প্রতিমন্ত্রী ১৩ জন। যদিও এ সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। ১৯৯৬ সালের ১৯ মার্চ হতে ৩০ মার্চ পর্যন্ত মেয়াদ ছিল ৬ষ্ঠ সংসদের।
এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। ৭ম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২২ জন, প্রতিমন্ত্রী ২৪ জন এবং উপমন্ত্রী তিনজন। এরপর ৮ম সংসদে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। ৮ম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৮ জন, প্রতিমন্ত্রী ২৮ জন এবং উপমন্ত্রী চারজন।
২০০৯ সালের ৬ জানুয়ারি নবম সংসদ গঠিত হয়। নবম সংসদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। নবম সংসদের মন্ত্রী ছিলেন ৪১ জন, প্রতিমন্ত্রী ২৩ জন। এরপর ২০১৪ সালের ১৩ জানুয়ারি টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। দশম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৯ জন, প্রতিমন্ত্রী ১৭ জন এবং উপমন্ত্রী দুইজন।
এইচএস/বিএ/আরআই