হাসিনাকে রমজানের শুভেচ্ছা জানালেন মোদি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে লন্ডনে অবস্থানরত শেখ হাসিনাকে ফোন করে রমজানের শুভেচ্ছা জানান মোদি। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদায়ী প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী।
শামীম চৌধুরী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ফোন করে তার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীও ভারতের মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।’
চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিমরা।
উল্লেখ্য, ছয় দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কয়েকটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। আগামী ১৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
এসএইচএস/আরআই