১৬ জুন ২০১৫ : একনজরে সারাদিনের খবর
এবার সমাজসেবায় নিয়োগ পাচ্ছেন হিজড়ারা
পুলিশের পর এবার সমাজসেবায় নিয়োগ পাচ্ছেন হিজড়ারা। এজন্য প্রাথমিকভাবে ১৪ হিজড়ার নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। হিজড়া হিসেবে ডাক্তারি সনদ পেলেই তাদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
জামায়াতকে হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআই’র
জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। মঙ্গলবার সংগঠনের অতিরিক্ত সচিব শাহ মো. আবদুল খালেক কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
মোদি-খালেদার বৈঠক হবেনা বলিনি : সংসদে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক হবে না এমন কথা আমি বলিনি। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঙ্গলবার ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফেনীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন।
ব-দ্বীপ ব্যবস্থাপনায় এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ ও বিশ্বব্যাংক
এশিয়ার বৃহত্তম ও পৃথিবীর সবচেয়ে জনবহুল বাংলাদেশ ডেল্টা বা ব-দ্বীপের শক্তিশালী ব্যবস্থাপনার জন্য এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ সরকার, নেদারল্যান্ডস ও বিশ্বব্যাংক।
দুই সিটির অনিয়ম তদন্তে কমিটি গঠনের সুপারিশ
ঢাকার বিভক্ত দুই সিটি কর্পোরেশনের (ডিসিসি উত্তর ও ডিসিসি দক্ষিণ) অনিয়ম তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠনে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী বৈঠকে এ সুপারিশ করা হয়।
সারদার টাকা ফেরত দিলেন মিঠুন চক্রবর্তী
অবশেষে সারদা শিল্প সংস্থাকে টাকা ফিরিয়ে দিয়েছেন প্রখ্যাত অভিনেতা ও তৃণমূল সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার মিঠুনের আইনজীবীরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে গিয়ে ১ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ৫৬০ রুপির ড্রাফট জমা দিয়েছেন। খবর এনডিটিভি।
জিডিপির বাইরে থাকছে ১০ হাজার ৯০০ কোটি টাকা
গৃহপালিত প্রাণী ও পরিবারভিত্তিক গাছপালা থেকে প্রতিবছর অর্জিত টাকা অর্থনীতিতে যোগ হলেও তা মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসেবের বাইরে ছিল। ফলে বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসেবের বাইরে থেকে যাচ্ছে ১০ হাজার ৯০৩ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৩-১৪ অর্থবছরে এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
জাগো নিউজকে ওয়ালটনের শুভেচ্ছা
জাগো নিউজ ঘুরে গেলেন দেশের অন্যতম বড় ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ-এর অপারেটিভ পরিচালক ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির প্রতিষ্ঠাতা-সম্পাদক উদয় হাকিম। এসময় তার সঙ্গে ছিলেন রাইজিংবিডির প্রশাসনিক কর্মকর্তা মিল্টন আহমেদ। মঙ্গলবার বিকেলে জাগো নিউজে তাদের স্বাগত জানান এর ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ।
তথ্যমন্ত্রী ও ঢাবি উপাচার্যসহ ২৫ জনকে আবারো হত্যার হুমকি
ফের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩। এমনকি শিগগিরই এই হত্যার টার্গেট আরো বাড়ানো করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চূড়ান্ত রায়েও মুজাহিদের ফাঁসি
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখেছেন সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ মুজাহিদের আপিল আবেদন খারিজ করে দিয়ে এ রায় দেন।
শাহবাগে চলন্ত সিঁড়ির ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজধানীর ব্যস্ততম শাহবাগের সড়ক ইন্টারসেকশনে আরেকটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ফুটওভার ব্রিজটিতে চলন্ত সিঁড়ি সংযুক্ত থাকবে। এর ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পুলিশি হয়রানি ও বিভিন্ন সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন সংশ্লিষ্ট তিন সংগঠন’র সমন্বয়ে গড়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগ্রাম কমিটি।
সম্পূরক বিলে রাষ্ট্রপতির সম্মতি
চলতি জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে পাস হওয়া নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০১৫-তে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার তিনি এ বিলে সম্মতি দেন। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়।
সংকট থেকে বেরিয়ে আসবে বিএনপি : মাহবুব
বিএনপিতে সংকট চলছে। জিয়াউর রহামনের আদর্শে দলকে পুনর্গঠন করলে বিএনপি এ সংকট থেকে বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়াজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। `শহীদ জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র; সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক` এ গোলটেবিল বৈঠকটির আয়োজন করে জিয়া পরিষদ।
উত্তরপ্রদেশে ভেঙে পড়ল যুদ্ধবিমান
ভারতে উত্তরপ্রদেশের এলাহাবাদে ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়েছে। মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে বিমানটি এলাহাবাদ বেসক্যাম্প থেকে উড়ে যায়। পরে সকাল পৌনে ৯টায় ক্যাম্প থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে বিমানটি ভেঙে পড়ে।
বাংলাদেশ-তাজিকিস্তান ম্যাচ ড্র
অন্তিম সময়ে গোল খেয়ে জয় থেকে বঞ্চিত হল বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের নিজেদের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা। নিজেদের প্রথম খেলায় অপেক্ষাকৃত দুর্বল কিরগিজস্তানের বিপক্ষে ১-৩ গোলে হেরে যাওয়ায়, এই ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে এমিলি-মামুনুলরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোল থেকে বঞ্ছিত হয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিএ/আরআই