বিজিবির ওপর বিজিপির গুলি ভুল বোঝাবুঝি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের উপর গুলি বর্ষণ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এতে বিপ্লব নামের বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আবদুর রাজ্জাক নামে এক নায়েক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে বিজিবি। তবে ভুল বোঝাবুঝি থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যদের ওপর মিয়ানমারের সীমান্তরক্ষীরা গুলি চালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নাফ নদীর মাঝ বরাবর ভাগ করে দুই দেশের সীমান্তরক্ষীরা টহল দেয়। বিজিবির একটি জলযান টহল দেওয়ার সময় মাছ ধরার জালে বাধাগ্রস্ত হলে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। এ অবস্থায় এক মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি উপর গুলি চালায়।
এছাড়া ধরে নিয়ে যাওয়া বিজিবি সদস্যের বিষয়ে তিনি বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে শিগগিরই তাকে ফিরিয়ে আনা হবে। এ রকম ভুল যাতে না হয় সে বিষয়ে দুই দেশকে আরো সতর্ক হতে হবে।
ঘটনা ঘটার পর পরই বিজিবি কক্সবাজার সেক্টরের অপারেশন অফিসার মেজর আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, প্রতিদিনের মতো বিজিবির সদস্যরা দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে টহল দিচ্ছিল। ওই সময় একদল চোরকারবারীকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এর এক পর্যায়ে চোরকারবারীরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা বিজিবির টহল দলের উপর গুলিবর্ষণ করে। এতে বিপ্লব নামে এক সদস্য গুলিবিদ্ধ হন এবং এ ঘটনায় বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নামে এক সদস্য নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে নিয়ে যায়।
# কক্সবাজারে মিয়ানমারের হামলায় বিজিবি সদস্য গুলিবিদ্ধ
আরএস/আরআইপি