ডাকাতি প্রতিরোধ করে পুরস্কৃত হলেন ওহাব
অদম্য সাহসিকতার সাথে ডাকাতি প্রতিরোধ করায় জনতা ব্যাংকের সাত মসজিদ রোড কর্পোরেট শাখার নিরাপত্তা প্রহরী আব্দুল ওহাবকে সংবর্ধনা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রহরী আব্দুল ওহাবের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আব্দুল ওহাব যে সাহসিকতার পরিচয় দিলেন তা ব্যাংকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যালয় সমূহের নিরাপত্তার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। এ সময় ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালামসহ নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৫ এপ্রিল রাতে দুর্বৃত্তরা জনতা ব্যাংকের সাত মসজিদ রোড কর্পোরেট শাখার গ্রিল ভেঙ্গে ডাকাতির চেষ্টা করে। এ সময় ওহাবের সাথে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। ওহাবের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এসএইচএস/আরআই