ঢাকায় অনারারি কনস্যুলেট স্থাপনের প্রস্তাব ঘানার


প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৭ জুন ২০১৫

ঢাকায় একটি অনারারি কনস্যুলেট স্থাপনের প্রস্তাব দিয়েছে আফ্রিকার দেশ ঘানা । বাংলাদেশে ঘানার নবনিযুক্ত অনাবাসী (দিল্লিতে অবস্থানকারী) হাইকমিশনার স্যামুয়েল পেনিইন ইয়ালি বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘানার হাইকমিশনার ঢাকায় একটি অনারারি কনস্যুলেট স্থাপনের প্রস্তাব দিলে পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশ ও ঘানার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ঘানা থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদলকে ঢাকায় সফর করার জন্য প্রস্তাব দেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও ওষুধ ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঘানায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন উগান্ডার হাইকমিশনার এলিজাবেথ পলা নেপেইয়ক। তিনি এ সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।