গণতন্ত্র-বান্ধব গণমাধ্যম গড়তে ঢাকা-কলম্বোর অঙ্গীকার


প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৭ জুন ২০১৫

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা, টেলিভিশন ও রেডিওর মধ্যে তথ্য বিনিময়ের পাশাপাশি যৌথ বিনিয়োগে সিনেমা তৈরির বিষয় একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদশ ও শ্রীলঙ্কা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং শ্রীলংকার গণমাধ্যম ও তথ্যমন্ত্রী গায়ানথা করুণাতিলকা গণতন্ত্র সমুন্নত রাখতে গণমাধ্যমকে ধর্মীয় জঙ্গীবাদ ও অসঙ্গত বিষয় মুক্ত রাখারও অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বুধবার সকালে কলম্বোয় দেশটির তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রীর সাক্ষাৎকালে তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে গণমাধ্যম খাত এবং সংশ্লিষ্ট খাতের কারিগরি অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতা জোরদারের লক্ষ্যে হাসানুল হক ইনু দু’দিনের শ্রীলঙ্কা সফরে সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

দুই মন্ত্রী তথ্য ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং উভয় দেশে নিয়মিত চলচ্চিত্র উৎসব আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।

শ্রীলঙ্কা বাংলাদেশের রাইট টু ইনফরমেশন অ্যাক্টের বাস্তবায়ন এবং কমিউনিটি রেডিও চালুর অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের আগ্রহ ব্যক্ত করেছে। শ্রীলঙ্কার পক্ষে দেশটির গণমাধ্যম ও তথ্য সচিব করুণারত্নে পারানাভিথানা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলে ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন অর রশিদ, হাইকমিশনার তারিক আহসান, উপ-প্রধান তথ্য কর্মকর্তা মাহফুজুর রহমান মালাঙ্গী এবং বিটিভি’র ইঞ্জিনিয়ার মো. কামালউদ্দিন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।