প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ২৭ জুন
নির্ধারিত পাঁচটি জেলায় প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ ’র লিখিত পরীক্ষা আগামী ২৭ জুন শনিবার অনুষ্ঠিত হবে । জেলাগুলো হলো, নড়াইল, মেহেরপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও ফেনী । বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষাটি পাঁচ জেলায় দুপুর ২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ২০ জুন থেকে বৈধ প্রার্থীদের মোবাইলে মেসেজ প্রেরণ করা হবে এবং ২২ জুন থেকে প্রার্থীরা নিজ প্রবেশপত্র http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd সাইটে পাওয়া যাবে।
পরীক্ষার নির্দেশনাবলি প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক ঘড়ি বা কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না। যদি কোনো পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তবে তাকে তাত্ক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। অন্যান্য জেলার পরীক্ষার তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
এসকেডি/আরআইপি