১৯ জুন ২০১৫ : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৯ জুন ২০১৫

কমিউনিটি ক্লিনিকে আট শতাধিক সিএইচসিপি নিয়োগ
দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে আট শতাধিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শূন্য পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের আগামী ২৫ জুনের মধ্যে নিজ জেলার সিভিল সার্জন কার্যালয়ে কাজে যোগদান করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক।

রমজানের শুরুতেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  শুক্রবার বিকেল চারটা পর্যন্ত তা অব্যাহত রয়েছে। এই যানজট গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নিয়েছে। এতে রমজানের প্রথম দিনেই তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

২০ বছর ধরে এতিমদের ইফতারে প্রচারবিমুখ এক মানুষ
গত ২০ বছরের ধারাবাহিকতায় এবারও তারই প্রতিনিধি আসেন। ইফতার সামগ্রী দিয়ে দোয়া চেয়ে চলেও গেছেন। কোনো এতিম মুখ তার দর্শন পাননি। নাম-পরিচয়ও জানে না কেউ। প্রায় ২০ বছর ধরে পুরো রমজান মাসে এতিমখানায় ইফতারি দেন তিনি। এবারও দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার বিকেল পৌনে ৪টায় ইফতার সামগ্রী নিয়ে হাজির তার প্রতিনিধি। বুঝিয়ে দিয়ে চলেও গেলেন লোকটি। তবে এতিম ছেলেমেয়েদের জন্য পবিত্র রমজান মাসে বিত্তবান এ সুহৃদের এই দরদি রেওয়াজে তাই কারো কৌতূহল চোখে পড়লো না।

প্রথম দিনেই জমজমাট চকবাজারের ইফতারি বাজার
ও মা, এত্ত বড় জিলাপি! বিস্ময়ে চোখ ছানাবড়া রাজধানীর ওয়াইডব্লিউসিএ’র নার্সারির ছাত্রী নুসাইবার। এই জিলাপিটার নাম কী, নুসাইবা তার বাবাকে এ প্রশ্ন করতেই পাশে দাঁড়ানো দোকানি ‘নাজিমউদ্দিন পিচ্চি’ চিলের মতো ছোঁ মেরে কথা ছিনিয়ে নিয়ে বললেন, এটার নাম শাহি জিলাপী। মাসকলাইয়ের ডাল আর পোলাউয়ের চাল দিয়ে বিশেষভাবে এটি তৈরি হয়। প্রতি কেজি ১৬০ টাকা। দিমু নাকি ২/১ কেজি স্যার।

ধোনি ও মুস্তাফিজের শাস্তি!
বৃহস্পতিবার বাংলাদেশ-ভারতের একদিনের ম্যাচে পিচের ওপর ধাক্কাধাক্কির ঘটনায় ভারতের অধিনায়ক ধোনি ও বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাফারি। শাস্তি হিসেবে ভারতের অধিনায়ক ধোনিকে তার ম্যাচ ফি’র ৭৫ ভাগ এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা করা হয়েছে।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবি ১৬ হাজার টাকা
সর্বনিম্ম ১৬ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণসহ কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। টাইম স্কেল, সিলেকশনসহ গ্রেড ও বাৎসরিক ইনক্রিমেন্ট প্রথা বহাল রাখারও দাবি জানিয়েছেন তারা। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান এ দাবি জানান।

ঈদকে ঘিরে ব্যস্ত পরিবহন মালিকরা : ফিটনেসে কঠোর বিআরটিএ
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ঈদ আসতে এখনো এক মাস দেরি। তবে ঈদে অতিরিক্ত যাত্রী-চাপ সামলাতে এ বছর আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন বাস-মালিকরা। তাই বেশ কর্মব্যস্ত এখন পরিবহন কারখানা ও মেরামতকারী প্রতিষ্ঠানগুলো।

মালালার ওপর নির্মিত তথ্যচিত্রের অফিসিয়াল ট্রেইলার
নোবেলজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফ জাইয়ের ওপর নির্মিত তথ্যচিত্রের (ডকুমেন্টরি) অফিসিয়াল ট্রেইলার বৃহস্পতিবার ছাড়া হয়েছে। এদিন ‘দ্য ডেইলি শো’ নামের আমেরিকান একটি প্রোগামে কিশোরদের সামনে মালালা ও তার পরিবার নিয়ে তৈরি ওই ভিডিও ক্লিপটি প্রদর্শন করা হয়।

রোজাদারকে ইফতার করানোর ফজিলত
মুসলমানদের জন্য রমজান মাস আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত। যা লিখে বুঝানো সম্ভব নয়। এই বরকতময় মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যার প্রথম দশক রহমতের; যা এখন চলছে- এই রহমতের দশকে আমরা আল্লাহর রহমত লাভের আশায় সকল প্রকার ভাল কাজগুলো করে জান্নাতের ঠিকানা মজবুত করার লক্ষে বেশি বেশি নেক ইবাদতের পাশাপাশি রোজাদারকেও ইফতার করিয়ে থাকি। কারণ রোজাদারকে ইফতার করানো ফজিলত অনেক বেশি। যা জাগো নিউজের পাঠকদেও জন্য তুলে ধরা হলো-

আপোসহীন দৃপ্ত পদচারণা ছিল সুফিয়া কামালের : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুফিয়া কামাল একদিকে ছিলেন আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, মমতাময়ী মা, অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিল তার আপোসহীন দৃপ্ত পদচারণা। শুক্রবার সুফিয়া কামালের ১০৪তম জন্মদিন উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

দেশে ফিরলেন আরো ৩৭ বাংলাদেশি
বন্দী জীবনের প্রায় একমাস পর দেশে ফিরেছেন মিয়ানমার জলসীমা থেকে ২১ মে উদ্ধার আরো ৩৭ জন বাংলাদেশি। শুক্রবার বেলা ১১টা থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তবর্তি মিয়ানমারের মংডুর ঢেকিবনিয়া এক নম্বর সেক্টরে শুরু হওয়া পতাকা বৈঠক শেষে দুপুরে বিজিবি কাছে তাদের হস্তান্তর করে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ ও বিজিপি।

এমপি পুত্র রনি কাশিমপুর কারাগারে
সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতয়িার আলম রনিকে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর হাইসকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে এ কারাগারে আনা হয়।  কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব তাকে হাইসিকিউরিটিট কারাগারে স্থানান্তর করা হয়েছে।

প্রথম রমজানে লাগামহীন খাদ্যপণ্যের বাজার
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আর রমজানের রোজাকে সামনে রেখে আগে থেকেই দফায় দফায় রেড়েছে নিত্যপণ্যের দর। লাগামহীনভাবে বেড়েছে বেগুন, মরিচ, শশা ও লেবুর দর। এক দিনের ব্যবধানে কেজিতে ২-৩ টাকা দাম বেড়েছে পেঁয়াজ, ছোলা, তেল, চিনি। ঊর্ধ্বমুখিতে মাছ, মাংস আর সবজিও। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে অন্যান্য নিত্যপণ্য। পাইকারি বাজারে পণ্যের দর বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা। খাদ্যপণ্যের বাজার অস্থিরের কারণে স্বস্তি নেই ক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর শান্তিনগর, মতিঝিল ও মুগদা কাঁচাবাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা
পবিত্র রমজানের প্রথম দিনে প্রতিবছরের ন্যায় এবছরেও ওলামা মাশায়েখ এবং এতিমদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন মাদ্রাসা থেকে ইফতারে অংশ নিয়েছেন এতিম ও আলেম ওলামারা।

মাশরাফিতে মজেছেন মৌসুমী!
টাইগাররা ভারতকে ৭৯ রানে হারানোর পর সবার মতই আনন্দ-উল্লাসের জোয়ারে ভাসছেন সময়ের আলোচিত অভিনেত্রী মৌসুমী হামিদ। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্টাটাসে তিনি লেখেন, ‘আমার জানটা। তোমাকে নিয়ে আমরা গর্বিত।’

বালির নিচে তলিয়ে যাচ্ছে একটি শহর (দেখুন ছবিতে)
কলম্যানস্কুপ নামে নামিবিয়ায় একটি শহর রয়েছে। তবে শহরটিতে এখন কেউ বসবাস করে না, পরিত্যক্ত। শহরটি লোকমুখে পরিচিতি পেয়েছে ভূতের শহর নামে। ৫০ বছর আগেও এ শহরে জনবসতি ছিল। ছিল কোলাহল। হীরার খনিজীবীরা এ শহর গড়ে তুলে ছিলেন। তাদের ধারণা ছিল আশেপাশেই রয়েছে হীরার খনি। প্রায় ৭০০ পরিবারের বসবাস ছিল শহরে। কিন্তু সেভাবে কিছুই না মেলায় হতাশ হয়ে কলম্যানস্কোপ শহর ছাড়েন খনিজীবীরা। তারপর থেকেই পুরো সুনশান। পড়ে থাকে শুধু ঘরবাড়ি, হাসপাতাল, ভগ্ন বাজার-দোকান।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।