বিশ্ব স্বাস্থ্য দুর্যোগ হিসেবে আবির্ভূত হচ্ছে ডায়াবেটিস
অসংক্রামক ব্যাধি ডায়াবেটিস অন্যতম প্রধান ‘বিশ্ব স্বাস্থ্য দুর্যোগ’ হিসেবে আবির্ভূত হচ্ছে। বর্তমানে সারা বিশ্বে প্রায় ৩৮ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের কারণে হৃদরোগ, মস্তিস্কে রোগে আকস্মিক আক্রমনে চৈতন্য ও চলচ্ছক্তি লোপ, অন্ধত্বের হার বৃদ্ধি পাচ্ছে।
ডায়াবেটিসজনিত কারণে অসংখ্য মানুষের অকাল মৃত্যুও হচ্ছে। সারাবিশ্বে স্বাস্থ্যখাতে মোট খরচের শতকরা ১১ভাগ ডায়াবেটিস রোগের চিকিৎসা ব্যয় মেটাতে খরচ হচ্ছে। ডায়াবেটিস প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বে ৬০ কোটি প্রাপ্ত বয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হবে।
কাতারভিত্তিক ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর হেলথ (ডব্লিউআইএসএইচ) ডায়াবেটিস রিসার্চ ফোরামের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতার শীর্ষ তিন ডায়াবেটিস আক্রান্ত দেশ হবে বলে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জাতীয় দৈনিকে এ সংবাদটি গুরত্বসহকারে প্রকাশিত হয়।
সম্প্রতি অষ্ট্রেলিয়ার সাংসদদের কাছে প্রতিবেদনটি উত্থাপন করে জাতীয় স্বাস্থ্য নীতিতে তা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয়া হয়। ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর হেলথ এর নির্বাহী সভাপতি ও লন্ডনের ইম্পিরিয়াল কলেজের ইনষ্টিটিউট অব গ্লোবাল হেলথ ইনোভেশন এর পরিচালক লর্ড দারজি ডেনহাম বলেন, ডায়াবেটিসের প্রকোপ হ্রাসের প্রচেষ্টাই এখন বিশ্বের সব দেশের মূল লক্ষ্য হওয়া উচিত। ভবিষ্যত প্রজন্মকে ডায়াবেটিসের প্রকোপ মুক্ত রাখতে এখন থেকেই সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
অষ্ট্রেলিয়ার পার্লামেন্টারি ডায়াবেটিস সাপোর্ট গ্রুপের সভাপতি কেন ওয়াট বলেন, ডায়াবেটিস খুব দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। দ্রুত সনাক্ত, প্রতিরোধে সচেতনতা তৈরী ও জনগণকে পরামর্শ দেয়া আমাদের সবার দায়িত্ব। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সহায়তার মাধ্যমে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। শুধু অষ্ট্রেলিয়া নয় বিশ্বের বিভিন্ন দেশে এ উদ্যোগ ছড়িয়ে দিতে হবে।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এর তথ্যানুসারে বাংলাদেশেও ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। আইডিএফ এর ২০১৪ সালের এক পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৬০ লাখ।
সারাবিশ্বে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৩৯ কোটি। এরমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যা সাড়ে ৭ কোটি। আইডিএফ এর তথ্যানুসারে দক্ষিণ এশিয়ার শীর্ষ ৬টি ডায়াবেটিস আক্রান্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে ক্রমবর্ধমান ডায়াবেটিস প্রতিরোধে আরো অধিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে জোর প্রচেষ্টা চালাতে হবে।
বাংলাদেশে ডায়াবেটিস পরিস্থিতি : ২০১৪
মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যা (প্রতি হাজার) ২০ থেকে ৭৯ বছর ৯৪,৩৭৮। ডায়াবেটিসের কারণে প্রাপ্তবয়স্কদের মৃত্যুসংখ্যা ১,১১,৩৭১। প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ (২০ থেকে ৭৯বছর) শতকরা হিসেবে ৬.৩ ডায়াবেটিসের কারণে রোগী প্রতি খরচের পরিমান (ডলারের হিসেবে) ৪২.৬।
প্রাপ্ত বয়স্কদের (২০ থেকে ৭৯ বছর) ডায়াবেটিসে আক্রান্তের মোট রোগীর সংখ্যা প্রতি হাজারে ৫,৯৮২.২। প্রাপ্তবয়স্কদের মধ্যে অসনাক্ত ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা (প্রতি হাজারে) ২৯৭৯.১। তথ্যসূত্র: ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন।
এমইউ/এসকেডি/এআরএস/এমএস