সুফিয়া কামালের ১০৪তম জন্মদিন আজ


প্রকাশিত: ০৫:২৫ এএম, ২০ জুন ২০১৫

মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও নারী জাগরণের পুরোধা ব্যক্তিত্ব কবি বেগম সুফিয়া কামালের ১০৪তম জন্মদিন আজ ২০ জুন।

বরিশালের শায়েস্তাবাদে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯১১ সালের এদিনে তিনি জন্মগ্রহণ করেন। রক্ষণশীল পরিবারে জন্ম নিলেও তিনি সশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন। ছোটবেলা থেকেই তিনি লিখতে শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজনীতিবিদ, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছেন। বহু গুণাবলির কারণে বাংলার মানুষ তাকে `সাহসিকা জননী` উপাধিতে ভূষিত করে।

প্রতিবারের মতো তার এবারের জন্মদিনও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করবে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

কবির জন্মদিন উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন।  তিনি বলেন, সুফিয়া কামাল এক দিকে ছিলেন আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, মমতাময়ী মা আর অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিল তার আপসহীন দৃপ্ত পদচারণা।

১৯৬১ সালে পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলে এর প্রতিবাদে গঠিত আন্দোলনে তিনি যোগ দেন। শিশু সংগঠন কচি-কাঁচার মেলারও তিনি প্রতিষ্ঠাতা। মহিলা পরিষদ ও ছায়ানটসহ বিভিন্ন সংগঠনের সভানেত্রীর দায়িত্ব পালন করেন।

তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘সাঁঝের মায়া’, ‘কেয়ার কাটা’, ‘মায়া কাজল’, ‘একাত্তরের ডায়েরি’ ও ‘উদাত্ত পৃথিবী’।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।