আবারো ফ্লাইট চালু করছে এয়ার এশিয়া
ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে আনুষ্ঠানিকভাবে আবারো ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার এশিয়া। এক বিবৃতিতে এয়ার এশিয়া জানায়, ১০ জুলাই থেকে নিয়মিতভাবে আবারো ফ্লাইট চলবে।
চার বছর পর নতুন আঙ্গিকে ও আগের চেয়ে বড় পরিসরে বাংলাদেশে যাত্রীসেবা চালু করছে এয়ারলাইন্সটি। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের ফ্লাইট চালু করলেও নানা জটিলতায় ২০১১ সালের জুলাইয়ে তা বন্ধ হয়ে যায়।
পুনরায় যাত্রীসেবা চালু উপলক্ষে এয়ার এশিয়া গ্রাহকদের জন্য বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। মাত্র ৩৯৯ রিঙ্গিতে (আট হাজার টাকা প্রায়) পাওয়া যাবে কুয়ালালামপুর-ঢাকা ওয়ানওয়ে টিকিট এবং সঙ্গে থাকছে ৩০ কেজি ওজনের মালামাল বহনের সুবিধা।
এ সুযোগ থাকবে ২৮ জুন পর্যন্ত। কুয়ালালামপুর থেকে ফ্লাইট ছাড়বে প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিট এবং ঢাকা থেকে প্রতিদিন রাত ১২টা ২৫ মিনিটে।
অনলাইনে বুকিংয়ের জন্য এয়ার এশিয়ার ওয়েবসাইট airasia.com, আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে এয়ার এশিয়ার মোবাইল অ্যাপ এবং সংগঠনটির মোবাইল সাইট mobile.airasia.com-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
বিএ/এমএস