খিলক্ষেতে তরুণীকে গণধর্ষণ
এবার গণধর্ষণের শিকার হলেন জামালপুর থেকে ঢাকায় চাকরির খোঁজে আসা এক তরুণী। এক আত্মীয়ের মাধ্যমে চাকরি খুঁজতে রাজধানীতে এসেছিলেন ওই তরুণী (২২)। কিন্তু আত্নীয়ের বাসা খুঁজতে গিয়ে ভুলে খিলক্ষেতের একটি বস্তিতে গেলে সেখানে গণধর্ষণের শিকার হন তিনি।
খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল রোববার দুপুরে গণধর্ষণের শিকার ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করান।
এএসআই জানান, ভোর রাত সাড়ে ৪টার দিকে ওই তরুণীকে খিলক্ষেত বাসস্ট্যান্ডের পাশ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে যান তিনি।
পরে তার কাছ থেকে জানতে পারেন চাকরি দেয়ার কথা বলে তাকে ঢাকায় আসতে বলেন এক আত্নীয়। কথা মতো তিনি গতরাতে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মোকশেরপুর গ্রাম থেকে রওনা হন ঢাকার উদ্দেশে।
ঢাকায় পৌঁছে তিনি ওই আত্নীয়ের বাসায় যেতে গিয়ে ভুলে খিলক্ষেত এলাকার একটি বস্তিতে ঢুকে যান। সেখানে কয়েকজন যুবক কর্তৃক গণধর্ষণের শিকার হন ওই তরুণী।
জেইউ/বিএ/আরআই