রাজধানী থেকে পথকুকুর তুলে নেওয়া নিয়ে যা জানালো সিটি করপোরেশন
রাজধানীর রাস্তাঘাট থেকে পথকুকুর তুলে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার (১৯ মে) সংস্থার জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ডিএসসিসির কর্মী পরিচয়ে পথকুকুর তুলে নেওয়া-সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর ও অসত্য তথ্য সিটি করপোরেশনের দৃষ্টিগোচর হয়েছে। প্রচারণায় দাবি করা হয়েছে- ডিএসসিসির কর্মীরা উদ্দেশ্যহীনভাবে কুকুর তুলে নিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন; যা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ এই বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নগরবাসীকে যে কোনো ধরনের জনদুর্ভোগ এবং জনউপদ্রব থেকে রক্ষা করা সিটি করপোরেশনের অন্যতম মৌলিক ও আইনি দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটির কোনো এলাকায় পাগলা কুকুরের উপদ্রব দেখা দিলে কিংবা কুকুরের কামড়ে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও পথচারী আহত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে, জননিরাপত্তার স্বার্থে করপোরেশন সেখানে তাৎক্ষণিক ও নিয়মতান্ত্রিক পদক্ষেপ নেয়।
জনস্বার্থে এ ধরনের অসুস্থ বা আক্রমণাত্মক কুকুরগুলো সংগ্রহ করে ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক উপায়ে বন্ধ্যাকরণ এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হয়। যাতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি না থাকে। এছাড়া, চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কোনো অবস্থাতেই কুকুর নিধন বা প্রাণীর প্রতি অমানবিক আচরণ সমর্থন করে না। বরং প্রাণিসম্পদ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবেশের ভারসাম্য ও জননিরাপত্তা নিশ্চিত করতে করপোরেশন সম্পূর্ণ বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতি অনুসরণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএসসিসির দাবি, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হচ্ছে এবং গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নগরবাসীকে বিভ্রান্ত না হতে এবং গণমাধ্যমসহ সচেতন নাগরিকদের সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সহযোগিতা করার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এমএমএ/একিউএফ