মালয়েশিয়া পৌঁছেছে প্রবাসীকল্যাণমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল মালয়েশিয়া পৌঁছেছে। বুধবার সকালে তারা মালয়েশিয়া পৌঁছান।
প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার ইফতেখার হায়দার ছাড়াও আরো চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।
এদিকে দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর গতি আনতে প্রতিনিধি দলটি মালয়েশিয়ায় চার দিনের সফরের দেশটির প্রধানমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, সরকারিভাবে (জি টু জি) বনায়ন খাতে মালয়েশিয়ায় ২০১৩ সাল থেকে এপর্যন্ত সাড়ে ৭ হাজার কর্মী মালয়েশিয়ায় গেছেন। দেশের বিপুল সংখ্যক মানুষ সাগরপথে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করছে। সম্প্রতি থাইল্যান্ড জঙ্গলে গণকবর এবং সাগরে বাংলাদেশি ও রোহিঙ্গাদের দিনের পর দিন ভাসমান থাকার খবর বিশ্বমিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
শ্রমবাজার সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, বৈধপথে বিদেশে যাওয়ার সুযোগ না থাকায় মানুষ বেকারত্ব দূর করতে জীবন ঝুঁকি নিয়ে সাগরপথে অনিশ্চিত গন্তব্যে পাড়ি দিচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধপথে হাজার হাজার মানুষের সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার ঘটনায় বাংলাদেশের সুনাম ম্লান হচ্ছে। এ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
এসকেডি/পিআর