রাজধানীতে চালককে গুলি করে প্রাইভেটকার ছিনতাই
রাজধানীর বিজয় সরণি ফ্লাইওভারে চালক ও আরোহীকে গুলি করে প্রাইভেটকার ছিনতাই করে নিয়ে পালিয়েছে এক দল দুর্বৃত্ত। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রাইভেটকারের আরোহী আশিক শুভ (২৫)।
বুধবার ভোর সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে। উত্তরার ৩ নম্বর সেক্টরের ৯ নং রোডের বাসিন্দা শামসুদ্দিনের ছেলে শুভ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।
তিনি জানান, আশিক শুভ ও তার দুই বন্ধু রাতে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ১৯-৩৪৫৬) করে ঘুরতে বের হয়। ভোরে পুরান ঢাকা থেকে সেহরী খেয়ে ফেরার পথে বিজয় সরণি ফ্লাইওভারের উপর আরেকটি মিনি প্রাইভেটকার তাদের ব্যরিকেট দেয়। এসময় ওই মিনি প্রাইভেটকারের ভেতর থেকে ৩/৪ জন এলোপাথারি গুলি করা শুরু করে। এসময় শুভ গুলিবিদ্ধ হয়। শুভকে নিয়ে চালকসহ অন্য দুজন আত্মরক্ষার্থে গাড়ী থেকে নেমে সরে পড়ে।
দুর্বৃত্তরা প্রাইভেটকারটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে শুভকে গুরুতর আহতাবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
জেইউ/এআরএস/পিআর