স্ত্রী ও নবজাতককে দেখতে গ্রামে যাবেন রাজ্জাক


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৭ জুন ২০১৫
ফাইল ছবি

চিকিৎসা শেষে ছুটিতে স্ত্রী ও নবজাতককে দেখতে পরিবারের কাছে যাবেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে নির্যাতিত ও অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাক।  শনিবার বিকেল পৌনে ৩টায় দিকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।

তিনি জানান, চিকিৎসার জন্য রাজ্জাককে পিলখানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার নাকের পরীক্ষা করা হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিন ঢাকায় থাকার পর ছুটিতে বাসায় (গ্রামের বাড়ি) যাবেন তিনি।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, অপহরণের পর বিজিপির সদস্যরা রাজ্জাককে শারীরিক নির্যাতন করে, এতে তার নাকে গুরুতরভাবে জখম হয়। তাই তাকে পিলখানায় বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে।
 
তিনি আরো বলেন, মিয়ানমারে বন্দি থাকা কালেই রাজ্জাক বাবা হয়েছেন। গত ২১ জুন বিশ্ব বাবা দিবসে বাবা হওয়ার গৌরব অর্জন করে রাজ্জাক।

স্ত্রী আসমা বেগম ও নবজাতক পুত্রকে দেখতে গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায় বলিয়াবাড়িতে যেতে চাইলে অবশ্যই ছুটি দেয়া হবে তাকে।

উল্লেখ্য, গত ১৭ জুন টেকনাফে টহলরত অবস্থায় রাজ্জাককে অপহরণ করে বিজিপি এবং ৯ দিন পর বৃহস্পতিবার বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাত সাড়ে ১১টায় রাজ্জাককে ঢাকায় আনা হয়।

জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।