মৌসুমী বায়ু সক্রিয়, ভারী বর্ষণের সম্ভাবনা
রাজধানী ঢাকাসহ সারাদেশেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরে অতি প্রবল অবস্থা রয়েছে।
তবে আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
আরএস/আরআই