মাদক ব্যবসায়ীরা ধরা না পড়ায় সংসদে পানিসম্পদমন্ত্রী’র ক্ষোভ
পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের দেশে মাদক বিরাট সমস্যা। এর প্রভাব সুদূর প্রসারী। মাদক তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ধরা পড়ছে, কিন্তু ব্যবসায়ীরা ধরা পড়ছে না। ব্যবসায়ীরা ধরা না পড়লে এ সমস্যার সমাধানও হবে না।
জাতীয় সংসদে শনিবার দুপরে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। মাদক ব্যবসায়ীরা ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রতিনিয়তই মাদক আটক করা হচ্ছে। কিন্তু এর সঙ্গে কারা জড়িত তা বের হচ্ছে না। মাদক ব্যবসায়ীরা যদি ধরা না পড়ে তাহলে সমস্যার সামাধান হবে না।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে মন্ত্রী বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ছিলো। এই নির্বাচন নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এ নির্বাচন দিয়ে গণতন্ত্রের সুষ্ঠু ভিত তৈরি হয়েছে। নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়াত অনেক সন্ত্রাস করেছে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু তারা নির্বাচন ঠেকাতে পারেনি। তখন নির্বাচন না হলে গণতন্ত্র থাকতো না। দেশ মুখ থুবরে পড়তো।
মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত মনে করেছিল জনগণ তাদের সঙ্গে আছে। কিন্তু জনগণ তাদের সন্ত্রাসী কমর্কাণ্ড প্রত্যাখান করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে তারা এদেশে ধ্বংসাত্মক রাজনীতির স্থান দেবে না।
পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, পৃথিবীর তিনটি বৃহত্তম নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তবে আঞ্চলিক সহযোগিতা ছাড়া নদীর পানি ব্যবস্থাপনা সম্ভব না। এজন্য আমরা চেষ্টা করছি। ভারত, নেপাল ও চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে পানি ব্যবস্থার উন্নয়ন করা। নদীর নাব্যতা সৃষ্টি করা। নদী দূষণ বন্ধ করার উদ্যোগ নিয়েছি।
শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, শিক্ষার মান ধরে রাখা যাচ্ছে না। শিক্ষার হার বাড়ছে, বই দেওয়া হচ্ছে, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, কিন্তু শিক্ষার মান বাড়ছে না। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলেতে হবে। ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ একজন শিক্ষক নিয়োগ দিলে ৩০ বছর তিনি থাকেন। শিক্ষক নিয়োগের বিষয়ে যত্নবান হতে হবে।
এইচএস/এসএইচএস/আরআই