প্রথমবারের মতো বিএসএমএমইউ`র উন্নয়ন বাজেট ঘোষণা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ প্রথমবারের মতো চলতি অর্থবছরের (২০১৫-১৬) জন্য বাজেট ঘোষণা করেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫৮তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান এ বাজেট ঘোষণা করেন।
জানা গেছে, গত অর্থ বছরের (২০১৪-১৫) তুলনায় এ বছর প্রায় ৪৯ কোটি টাকা বাজেট বৃদ্ধি পেয়েছে। গত বছর বাজেটের পরিমাণ ছিল ১৯২ কোটি টাকা। যেখানে এবার ঘোষিত বাজেটের পরিমাণ মোট ২৪০ কোটি ৬২ লাখ টাকা।
ঘোষিত বাজেট প্রসঙ্গে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান জাগো নিউজকে জানান, সিন্ডিকেট সভায় এবারই প্রথমবারের মতো বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা এবং চলমান প্রকল্প সমূহের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটের পরিমাণ মোট ১ হাজার ৫শ’ ৯৪ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা।
তিনি আরো জানান, উন্নয়ন বাজেটের মধ্যে ১ হাজার ৩শ’ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিএসএমএমইউ ও কোরিয়ার যৌথ উদ্যোগে নির্মিতব্য ৭০০ বেডের হাসপাতালের জন্য। রুপসী বাংলা হোটেলের বিপরীত দিকের খালি জায়গাতে অত্যাধুনিক এ হাসপাতাল নির্মিত হবে।
ঘোষিত বাজেটের মধ্যে (২৪০ কোটি ৬২ লাখ টাকা) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জন্য ১৭৪ কোটি ৩৭ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ৬৬ কোটি ২৫ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে।
বাজেটে বেতন ও ভাতাদি বাবদ ১৪৩ কোটি ২৫ লাখ টাকা, পেনশন বাবদ ৯ কোটি ৭৪ লাখ টাকা, শিক্ষা ও অন্যান্য সাধারণ আনুষাঙ্গিক ৬০ কোটি ৩৩ লাখ টাকা, গবেষণায় ২ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরী বাবদ ২৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাংসদ ডা. মো. মাহবুব আলী, ডা. মো. রুস্তম আলী ফরাজী, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)’র সভাপতি অধাপক ডা. মাহমুদ হাসান, বিসিপিএস’র সভাপতি অধ্যাপক ডা. মো. সানাওয়ার হোসেন, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. আবু সফি আহমেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিক্যাল এডুকেশন) অধ্যাপক এবিএম আব্দুল হান্নান।
এছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডীন অধ্যাপক এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়া, বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ অ্যান্ড সোসাল মেডিসিন অনুষদের ডীন এবং কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, চর্ম ও যৌনব্যাধি বিভাগের অধ্যাপক ডা. এ. এস. এম জাকারিয়া স্বপন, পরিচালক (অর্থ ও হিসাব) মো. ছিদ্দিকুর রহমান ভূঁঞা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্রসহ সিন্ডিকেটের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমইউ/আরএস/আরআই