দেশে বিনিয়োগ করতে সিঙ্গাপুর প্রবাসীদের প্রতি সেতুমন্ত্রীর আহ্বান
সিঙ্গাপুরে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশিদের দেশের অবকাঠামোখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। সরকার প্রদত্ত সুবিধাদি গ্রহণ করে দেশে বিনিয়োগ করলে স্বল্প সময়ে রিটার্ন পাওয়া সম্ভব।
শনিবার সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মিলনায়তনে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব-উজ-জামান এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগ-বান্ধব পরিবেশ রয়েছে। তিনি সরকারের অর্জনসমূহ তুলে ধরে বলেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ বিশ্বের বিস্ময় হবে।
মতবিনিময় সভায় সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস চেম্বার নেতা নাসিরুল ইসলাম মনি, সিঙ্গাপুর-বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি প্রকৌশলী মো. নুরুল করিম, প্রকৌশলী এম হাফিজুর রহমানসহ পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর সামিয়া হালিম, শ্রম উইংয়ের কাউন্সিলর আয়েশা সিদ্দিকা শেলীসহ হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিঙ্গাপুরস্থ মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শনের মধ্যদিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।
বিএ/আরআইপি