মানবতাবিরোধী অপরাধে আরো ৪ আসামির রায় অপেক্ষমাণ


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৭ জুন ২০১৫

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের আরো ২ মামলায় ৪ আসামির বিষয়ে রায় অপেক্ষমাণ রয়েছে। মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত আলাদা দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ২ মামলার রায় যে কোন দিন (সিএভি) ঘোষণা করা হবে।

এর আগে দু’টি ট্রাইব্যুনালে এ পর্যন্ত ১৯ মামলায় ২১ আসামির বিরুদ্ধে রায় হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ এ ৯টি ও ট্রাইব্যুনাল-২-এ ১০টি মামলার রায় ঘোঘণা করা হয়েছে। অপেক্ষমাণ একটি মামলার আসামি ফোরকান মল্লিকের রায় হবে ট্রাইব্যুনালের ২০ তম ও ট্রাইব্যুনাল-২ এ ১১ তম রায়।

অপরদিকে অপেক্ষমাণ একটি মামলার আসামি তিন রাজাকার শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে মামলায় রায় হবে ট্রাইব্যুনালের ২১ তম ও ট্রাইব্যুনাল-১এর ১০ম রায়।

একটি মামলায় আসামি তিন রাজাকার শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৩ জুন যে কোন দিন রায় (সিএভি) ঘোষণার জন্য রাখা হয়েছে। ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেয়।

অপরদিকে একটি মামলায় আসামি পটুয়াখালীর রাজাকার ফোরকান মল্লিকের মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষে গত ১৪ জুন যে কোন দিন রায় (সিএভি) ঘোষণার জন্য রাখা হয়েছে। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম প্রধান অঙ্গীকার ছিলো যুদ্ধপরাধীদের বিচার করা। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুই তৃতীয়াংশের বেশী আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে। সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। এরপর ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল, তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন টিম গঠন করা হয়। প্রথমে ১টি ট্রাইব্যুনালে এ বিচার প্রক্রিয়া শুরু হয়। পরে এ বিচারকে তরান্বিত করতে ২০১২ সালের ২২ মার্চ আরো একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারিক কার্যক্রম শেষে এ পর্যন্ত ট্রাইব্যুনাল-১এ ৯টি ও ট্রাইব্যুনাল-২ এ ১০টি মামলার রায় ঘোষণা করা হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর দশটি রায় হলো।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।