দেশে রেলপথের দৈর্ঘ্য ২৯৫৫.৫৩ কি.মি.
বাংলাদেশ রেলওয়ের মোট রুট ২ হাজার ৯৫৫ দশমিক ৫৩ কিলোমিটার। সারাদেশে চলাচল করা যাত্রীবাহী ট্রেনের সংখ্যা ৩৫২টি। এর মধ্যে আন্তঃনগর ট্রেন ৯০টি, লোকাল ১২৬টি।
মঙ্গলবার সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খান, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, নাছিমুল আলম চৌধুরী ও গাজী মোহাম্মদ শাহ নওয়াজ অংশ নেন।
রেলওয়ের জনবল নিয়োগ, ট্রেনের সময়মতো স্টেশন ত্যাগ করার বিষয়ে ও ট্রেনের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সুপারিশ করে কমিটি।

বৈঠকে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, নির্বাচনী ইশতেহার-২০১৮ বাস্তবায়ন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, রেলওয়ে মহাপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রকল্পগ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে, যার মূল উদ্দেশ্য হলো- রেলওয়ে সিস্টেমকে আপগ্রেড এবং আধুনিক করা, ব্রডগেজ/ডুয়েলগেজ স্ট্যান্ডার্ডের সঙ্গে প্রধান রেলপথগুলো দ্বৈতকরণ, মিটারগেজ রেলওয়ে লাইন থেকে ডুয়েলগেজ রেললাইন রূপান্তর।
বৈঠকে রেলের যাত্রীসেবার পাশাপাশি রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এইচএস/জেডএ/জেআইএম