সারা দেশে দুদকের পাঁচ অভিযান, ৯ দফতরে চিঠি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১২ মার্চ ২০২০
ফাইল ছবি

হটলাইনে আসা ১৪টি অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) সারা দেশে পাঁচটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। বাকি ৯টি অভিযোগের জন্য দফতরে চিঠি দিয়েছে দুদক।

গাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশ খুলে বাইরে বিক্রি করছে কুমিল্লার বিআরটিসি কর্তৃপক্ষ। এমন অভিযোগে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরেজমিন পরিদর্শনে পরিত্যক্ত বাসগুলোর যন্ত্রাংশ যথাযথভাবে নেই মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়।

এ বিষয়ে উক্ত বিআরটিসি কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা বলেন, নষ্ট গাড়িসমূহের ব্যবহার উপযোগী যন্ত্রাংশ খুলে অন্য গাড়িতে ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত যাচাইয়ের জন্য কোন গাড়ি থেকে কোন যন্ত্রাংশ খুলে অন্য কোন গাড়িতে ব্যবহার করা হয়েছে তা জানতে চায় টিম। তালিকাসমূহ বিশ্লেষণপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।

একই টিম কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসে শিক্ষকদের এমপিও বিল সংক্রান্ত ফাইল আটকে রেখে টাকা দাবির অভিযোগে অপর এক অভিযান পরিচালনা করেছে।

স্বাস্থ্য অধিদফতরের ইপিআই কর্তৃপক্ষ থেকে প্রশিক্ষণের টাকার সিংহভাগ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহরিয়ার জামিল ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে। অভিযোগ সংশ্লিষ্ট খাতে ব্যয়ের বিস্তারিত যাচাই করে প্রাথমিক অনিয়ম পাওয়া যায়।

এছাড়াও যশোর জেলার মনিরামপুর ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায়ে ঘুষ দাবির অভিযোগে, রাজশাহী রেল কর্তৃপক্ষের নানাবিধ অনিয়মের অভিযোগে এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, রাজশাহীর এক কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিনটি পৃথক অভিযান পরিচালিত হয়।

এমইউ/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।