চট্টগ্রামে দেড় লাখ ইয়াবাসহ তিন যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০

যৌথ অভিযানে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে চট্টগ্রামের আনোয়ারা ও পটিয়া থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন। আটক তিনজন টাকার বিনিময়ে টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা পৌঁছে দিতেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।

আটক তিনজন হলেন- কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া হ্নীলা এলাকার নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫)।

আটক তিনজনের মধ্যে মাহমুদুল হক বিবিএ এবং জাহেদ হোসাইন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। আর ইব্রাহিম পেশায় কৃষক।

তারা বহনকারী হিসেবে টেকনাফ থেকে ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে আসেন।

পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবা উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।’

তিনি আরও জানান, ‘তারা টেকনাফ থেকে এসব ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে আসছিলেন। চট্টগ্রামে এ ইয়াবার চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেতেন বলে আমাদেরকে জানিয়েছেন। কার কাছে এই চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হবে।’

আবু আজাদ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।