রাঙাপরী জুয়েলার্সের দুই দোকান থেকে ৩০০ ভরি স্বর্ণ চুরি
রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারের দুটি স্বর্ণের দোকানে তালা কেটে স্বর্ণালংকার, ডায়মন্ড ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। দোকান মালিকের দাবি, তার দুই দোকান থেকে ৩০০ ভরি স্বর্ণ, ৩০ লাখ টাকার ডায়মন্ডের জিনিসপত্র ও নগদ পাঁচ লাখ টাকা চুরি হয়েছে। সবমিলিয়ে প্রায় দুই কোটি ৩৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
স্বর্ণের দোকান দুটি হলো- রাঙাপরী জুয়েলার্স-১ ও রাঙাপরী জুয়েলার্স-২। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে কচুক্ষেতের রজনীগন্ধা টাওয়ারের দোকান দুটিতে এই চুরির ঘটনা ঘটে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) ভুক্তভোগী দোকান মালিক আবুল কালাম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, তার দুটি দোকানের তালা কেটে চোর ঢুকে চুরি করেছে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ, ৩০ লাখ টাকার ডায়মন্ডের জিনিসপত্র ও নদগ পাঁচ লাখ টাকা চুরি হয়েছে।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে ডিএমপির ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন জাগো নিউজকে বলেন, রজনীগন্ধা টাওয়ারের দুটি স্বর্ণের দোকানে তালা কেটে স্বর্ণালংকার, ডায়মন্ড ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগী দোকান মালিক থানায় এসেছেন। তিনি মামলা করবেন। মামলার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিটি/এসএইচএস/জেআইএম