সুভাষ দত্তের জন্মদিনে স্মারক গ্রন্থ প্রকাশ


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনেতা সুভাষ দত্তের ৮৬তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ‘সুভাষ দত্ত স্মৃতি পরিষদ ও ভারমিলিয়ন ক্রিয়েটিভস এন্ড মিডিয়া ইনস্টিটিউট’ এর যৌথ উদ্যোগে আজ বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘সুতরাং তিনি অরুনোদয়ের অগ্নিসাক্ষী হয়ে রইলেন’ শীর্ষক সুভাষ দত্ত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করবে।

জানা গেছে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা কবরী সারোয়ার, চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দীন জাকী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. জাহাঙ্গীর হোসেন এবং চলচ্চিত্র গবেষক ও শিক্ষক অনুপম হায়াৎ। সভাপতিত্ব করবেন ড. মহাম্মদ আব্দুল মজিদ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘সুতরাং তিনি অরুনোদয়ের অগ্নিসাক্ষী হয়ে রইলেন’ র্শীষক সুভাষ দত্ত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং দ্বিতীয় পর্বে ‘সুভাষ দত্ত অনুশীলন চলচ্চিত্র বিষয়ক কর্মশালা’র- উদ্বোধন করা হবে বলেও জানা গেছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।