সপ্তাহে ৬ দিন মালদ্বীপ যাবে ইউএস-বাংলা
মালদ্বীপের রাজধানী মালেতে আগামী ৩১ অক্টোবর থেকে সপ্তাহে ৬দিন ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রী চাহিদা বাড়ায় শীতকালীন সময়সূচিতে মালদ্বীপ প্রবাসী ও পর্যটকদের ভ্রমণ পরিকল্পনাকে সাবলীল করতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর মধ্যে প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে ফ্লাইট পরিবহন।
শনিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তি বলা হয়, ২০২১ সালের ১৯ নভেম্বর থেকে বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা প্রবাসী বাংলাদেশীদের সেবা দেওয়ার লক্ষ্যে বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে চারটি ঢাকা-মালে ফ্লাইট চলছে। এখন বাংলাদেশ থেকে মালদ্বীপে পর্যটক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি সোম, মঙ্গল, শনিবার সকাল ৯টায় ও বুধ, শুক্র, রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলা।
অন্যদিকে প্রতি সোম, মঙ্গল ও শনিবার মালদ্বীপের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং প্রতি বুধ, শুক্র ও রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৫মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে ইউএস-বাংলার ফ্লাইট। বর্তমানে ইউএস-বাংলা বিমান বহরে মোট ১৬টি এয়ারক্রাফট আছে, যার মধ্যে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।
টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে এইএস-বাংলা।
এমএমএ/জেএস/এমএস