গ্রামীণ জনপদকে শহরের সুবিধায় সাজিয়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
গ্রামীণ জনপদকে শহরের সুযোগ-সুবিধা দিয়ে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মঙ্গলবার (১২ মে) নিজ সংসদীয় এলাকা চট্টগ্রামের হাটহাজারীতে আটটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সড়ক কার্পেটিং, আরসিসি ঢালাই সড়ক, নালা নির্মাণ, সেতু নির্মাণসহ জনসাধারণের চলাচল সহজ করতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামীণ জনপদকে শহরের সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই আটটি প্রকল্প বাস্তবায়নের ফলে হাটহাজারীবাসীর যাতায়াতের কষ্ট লাঘব হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।’
তিনি জানান, সরকারের লক্ষ্য হলো শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করা। হাটহাজারীতে শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা সম্প্রসারণে ভবিষ্যতেও আরও বড় প্রকল্প নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এমডিআইএইচ/একিউএফ